ঢাকার বায়ুমান আজ সহনীয়, দূষণে শীর্ষে দিল্লি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবার সকালে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই তালিকায় ৮৪ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে প্রকাশিত তথ্য থেকে এসব জানা যায়।

আইকিউ এয়ারের তালিকায় ১৬১ স্কোর নিয়ে দূষিত শহরের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। উগান্ডার রাজধানী কাম্পালা ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ এবং মালয়েশিয়ার কুচিং ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউ এয়ার একটি শহরের বায়ুর তাৎক্ষণিক বা লাইভ মান পর্যবেক্ষণ করে। প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ের।

স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

সেই হিসাবে বুধবার সকালে নয়াদিল্লির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও ঢাকার বায়ুর মান রয়েছে তুলনামূলকভাবে কম দূষিত, ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে।