ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে নতুন করে আলোচনায় এসেছে তার নাম। তবে তুরস্কের এক সংসদ সদস্য এ দাবি করলেও এখন পর্যন্ত কার্লোস নিজে তার ধর্মান্তরের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে বিষয়টি সত্য, নাকি নিছক গুঞ্জন—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
ইসলাম গ্রহণের এই দাবির সূত্রপাত তুরস্কের একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিনের বক্তব্য থেকে। ব্রাজিল সফরের সময় তিনি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সেই সফরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে শাহিন জানান, ব্রাজিলিয়ান ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকেই তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন। একই সঙ্গে ইসলাম গ্রহণের জন্য ব্রাজিলের সাবেক এই তারকাকে অভিনন্দনও জানান তিনি।
আলি শাহিনের ভাষ্য অনুযায়ী, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে দুজনের সাক্ষাৎ হয় বলেও দাবি করেন তিনি।
শাহিনের বক্তব্য অনুযায়ী, ওই সাক্ষাতের সময়ই রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কার্লোসের নিজের কোনো প্রকাশ্য বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
আলি শাহিনের বক্তব্যের পর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোলও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে গোলের প্রতিবেদনে স্পষ্ট করে উল্লেখ করা হয়, রবার্তো কার্লোস নিজে এখনো তার ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেননি।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবি নতুন করে তাদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা তৈরি করেছে।
তবে তাদের বিয়ের বিষয়টি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। চলতি বছরের শুরু থেকেই রবার্তো কার্লোস ও সুহাইলা এল তাহিরির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা রয়েছে।
সব মিলিয়ে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি বর্তমানে মূলত আলি শাহিনের বক্তব্য ও তার মাধ্যমে পাওয়া দাবির ওপর নির্ভর করছে। কার্লোস নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত তাই এটিকে নিশ্চিত খবর হিসেবে দেখার সুযোগ নেই।