ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের রুমমেট ও মেয়েদের গোপন ছবি তুলে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হল থেকে স্থায়ী বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বহিষ্ককৃত শিক্ষার্থী হলেন- অর্থনীতি বিভাগের ২০২১-২২ বর্ষের তুবাউল জান্নাত ঐশী। মঙ্গলবার (১৮ আগস্ট) হলটির প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, অভিযুক্ত ছাত্রী যুক্তরাজ্য প্রবাসী ‘আবিদ’ নামে এক ব্যক্তির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে অনুমতি ছাড়া সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও প্রেমিককে পাঠাতো। একপর্যায়ে তাদের সম্পর্কের অবনতি ঘটলে ওই ব্যক্তি সেগুলোর কিছু অংশ হলের ভুক্তভোগীদের কাছে পাঠান। গত ৭ আগস্ট ঘটনা প্রকাশ্যে আসলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরপরই প্রভোস্ট কক্ষে জরুরি সভা ডাকা হয়। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রীর ২টি মোবাইল ফোন জব্দ করে হল প্রশাসন।
জানা যায়, এ ঘটনা তদন্ত করে প্রমাণের সাপেক্ষে হল কর্তৃপক্ষ- অভিযুক্ত ছাত্রীকে হল থেকে স্থায়ী বহিষ্কার করে, হলের অন্য মেয়েদের নিরাপত্তা নিশ্চিতে অভিযুক্ত ছাত্রী ও তার পিতা-মাতার থেকে স্ট্যাম্পের উপরে মুচলেকা নেওয়া হয় যাতে ছবিগুলো আর কখনো প্রচারিত না হয় এবং অভিযুক্তের জব্দকৃত দুই মোবাইলের মেমোরি কার্ডের আপত্তিকর তথ্য ডিলিট করে ফেরত দেয়।
এ বিষয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, গত রবিবার আমাদের কাছে তদন্ত কমিটির রিপোর্ট আসে। পরদিন আমরা হল বডিতে মিটিং করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা ও আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে সেটা কার্যকর করছি।