ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষকের ছেলের অনিয়ন্ত্রিত প্রাইভেট কারের চাপায় মার্কেটিং বিভাগের অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় অভিযুক্ত চালকের নাম সাদমান সাকিব। তিনি ঢাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। সাদমান সাকিব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাবির গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শিখতে বাবার গাড়ি নিয়ে একা ক্যাম্পাসে বের হন সাদমান সাকিব। গাড়ি চালিয়ে প্রদক্ষিণ করার একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এলে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তায় চলাচলরত মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ সেশনের একদল শিক্ষার্থীর ওপর গাড়ি তুলে দিলে ৬ জন শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম এবং সিদরাতুল। ঘটনার পরপরই অভিযুক্ত সাদমান সাকিবকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি প্রক্টরদের হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, সহপাঠীদের ওপর গাড়ি তুলে দিয়ে আহত করার খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্ত সাদমান সাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রক্টর অফিস এলাকায় থমথমে অবস্থা ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ইত্তেফাক/এএম