মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১৯ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, স্পট গোল্ডের দাম শতকরা দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৯ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। আগের সেশনে সুদের হার বাড়ায় মূল্যবান ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমেছিল। অন্যদিকে মার্কিন স্বর্ণের ফিউচার দর শতকরা দশমিক ২ ভাগ কমে ৪ হাজার ৪১৩ দশমিক ৪০ ডলারে অবস্থান করছে।
ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং জানান, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসা এবং রাজস্ব বাজেটসংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি স্বর্ণের দাম বাড়ানোর পেছনে ইতিবাচক প্রভাব ফেলছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আগামী মাসে ফেডের নীতি অপরিবর্তিত থাকার সম্ভাবনা শতকরা ৬৭ ভাগ এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৩৩ ভাগ।
এফএক্সটিএম-এর বাজার গবেষণা প্রধান লুকমান ওটুনুগা জানান, প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩৯০ ডলার ছাড়িয়ে গেলে তা ৪ হাজার ৫০৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে দাম ৪ হাজার ৩০০ ডলারের নিচে নামলে তা ৪ হাজার ২০০ ও ৪ হাজার ১৫০ ডলারে গিয়ে ঠেকতে পারে।
ভৌগোলিক রাজনীতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে তেলের বাজারে টানা চতুর্থ দিনের মতো দাম বেড়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার শতকরা ০ দশমিক ১ ভাগ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম শতকরা দশমিক ৫ ভাগ বেড়ে ১ হাজার ৭২০ দশমিক ৪৩ ডলার এবং প্যালাডিয়াম ১ হাজার ২৯০ দশমিক ৫৫ ডলারে স্থিতিশীল রয়েছে। টিডি সিকিউরিটিজ জানায়, ২০২৭ সালের শেষার্ধে বিশ্ব অর্থনীতির পরিস্থিতিতে রৌপ্য ও প্লাটিনাম ধাতুর দাম স্বর্ণের চেয়ে ইতিবাচক সাড়া ফেলতে পারে।
সূত্র: রয়টার্স