বিতর্কের মুখে শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার বিজয় সরকারের

বাম দল ও তামিলনাড়ু ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে শিক্ষার্থীদের অংশ নেওয়া ঠেকাতে জারি করা বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করেছে বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সমালোচনার মুখে বুধবার (১৯ আগস্ট) নির্দেশটি প্রত্যাহার করা হয়। 

গত ১৪ আগস্ট স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরের উদ্দেশে ওই নির্দেশ জারি করা হয়েছিল। এতে শিক্ষার্থী ও তরুণরা যাতে বাম দল ও সিজেপির বিক্ষোভ-আন্দোলনে অংশ নেওয়ার ‘তাগিদে পা না দেন’, তা ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। 

‘অতি জরুরি’ হিসেবে চিহ্নিত ওই নির্দেশনায় স্কুল ও কলেজগুলোকে ২০ আগস্টের মধ্যে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

নির্দেশটি প্রকাশের পর তীব্র সমালোচনা করে সিজেপি। দলটির জাতীয় সহ-আহ্বায়ক সৌরভ দাস একে ‘অসাংবিধানিক’ এবং বিজয় সরকারের ‘অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত’ পদক্ষেপ বলে মন্তব্য করেন।

তবে সরকারের এই পদক্ষেপকে সমর্থন করে বিজেপি। দলটির নেতা বিনোজ পি সেলভাম সিজেপি ও বাম দলগুলোকে ‘বিশৃঙ্খলার এজেন্ট’ বলে অভিহিত করেন।

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল সিজেপি। ওই আন্দোলনের প্রেক্ষাপটেই শিক্ষার্থী ও তরুণদের বাম দল ও সিজেপির বিক্ষোভে অংশ নেওয়া ঠেকাতে তামিলনাড়ু সরকারের ওই নির্দেশ জারি হয়েছিল।