পাকিস্তানের মদদের তৃতীয় একটি পক্ষ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সঙ্গে তিনি এও বলেছেন, যত ষড়যন্ত্রই হোকনা কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে সকলের প্রতি আহবান জানান। সেই সঙ্গে তিনি বন্দর উপজেলার লাঙ্গলবন্দের কারণেই সদর-বন্দর আসনে প্রধানমন্ত্রী মহাজোট থেকে লাঙ্গল মার্কার প্রার্থী দিয়েছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই লাঙ্গল লাঙ্গলবন্দের লাঙ্গল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে মুছাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি বিগত দিনের মতো ভবিষ্যতেও সকলকে নিয়ে সম্মিলিতভাবে ভবিষ্যত্ প্রজন্মের জন্য কাজ করে যেতে চাই। ভবিষ্যত্ প্রজন্মের জন্য কাজ করে যাওয়ার দিক-নির্দেশনাটা আমরা পেয়েছি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আগামী নির্বাচনে যদি আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো যায়, তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে।
মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন -এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেনঃ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল, মহানগর আওয়ামী মহিলালীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক কামাল হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ প্রমুখ।