ছবিপ্রেমীদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

ছবি তুলতে পছন্দ করে সবাই। ডিজিটাল এই সময়ে এসে ছবি তোলার কাজটিও হয়ে গেছে অনেক সহজ। ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবি তোলার সুযোগের ফলে এখন আর ফিল্মের খরচ নিয়ে চিন্তা করতে হয় না, চিন্তা করতে হয় না ছবি ওয়াশের খরচ নিয়ে। ছবি তুলে পিসিতে সরিয়ে নিলেই হলো। বাড়তি কোনো কাজ নেই। স্মার্টফোনের এই যুগে এসে এখন ছবি তোলার কাজটি করে দিচ্ছে স্মার্টফোনই। এখনকার সব স্মার্টফোনে যুক্ত হচ্ছে হাই-রেজ্যুলেশন সব ক্যামেরা। ফলে নিমেষেই ছবি তুলে সঙ্গে সঙ্গেই শেয়ার করা যাচ্ছে ভার্চুয়াল জগতে। তবে এর বাইরেও রয়েছে বেশকিছু অ্যাপ্লিকেশন, যেগুলো আপনার স্মার্টফোনে ছবি তোলার অভিজ্ঞতা বদলে দেবে। এমন কয়েকটি অ্যাপ্লিকেশন নিয়ে লিখেছেন মাহবুব শরীফ

জাস্ট পিকচার

ফটো ম্যানেজমেন্টের এই টুলটি অ্যানড্রয়েডের বিল্ট-ইন গ্যালারি টুলের তুলনায় অনেক বেশি কার্যকরী একটি টুলস। যেকোনো স্মার্টফোন ফটোগ্রাফারের জন্য এটি হতে পারে অন্যতম পছন্দ। ছবি তোলার পর ছবিকে সামান্য একটু ঘুরিয়ে দেওয়া, ছবি ট্যাগ করা বা ছবিকে সাজিয়ে অ্যালবাম তৈরির কাজগুলো এর মাধ্যমে সহজেই করা যায়। ছবি শেয়ার করাও এর মাধ্যমে খুব সহজ। ফ্লিকার, ফেসবুক, ফটোবাকেট এবং জনপ্রিয় অন্যান্য সব শেয়ারিং সাইট বিল্ট-ইন থাকায় এর মাধ্যমে সহজেই ছবি শেয়ার করা যায়। আর ফোনের মেমোরি থেকে ছবি আপলোড করা বা ছবি দেখা এর মাধ্যমে অনেক সহজ।

কুইকক্যাম

ছবি তুলতে গিয়ে অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই ছবি তুলতে সময় লাগে বেশি। ক্যামেরার সেন্সরের গতি বা ক্যামেরার বিল্ট-ইন অ্যাপ্লিকেশনের গতির কারণেই মূলত সময়টা বেশি লেগে যায়। যে কারণে অনেক সময়েই ছবির একটি ফ্রেম মনস্থির করেও ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় না। বিশেষ করে বাচ্চাদের ছবি বা প্রাণীর ছবি তোলার সময় এটি ঘটে থাকে বেশি। এই সমস্যা থেকে নিস্তার পেতেই ব্যবহার করতে পারেন কুইকক্যাম অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশন আপনাকে সরাসরি স্মার্টফোনের হোমস্ক্রিন থেকে ক্যামেরা ওপেন করে দেবে এবং ক্যামের ওপেন করার সাথে সাথেই ছবি তোলার সুযোগ করে দেবে। ফলে পছন্দের কোনো মুহূর্তই আর মিস হবে না স্মার্টফোনের ক্যামেরায়।

ফটো গ্রিড

বিশেষ করে ফটো কোলাজের কাজে আপনাকে সহায়তা করতে পারে ফটো গ্রিড অ্যাপ্লিকেশনটি। আপনার স্মার্টফোনে তোলা বিভিন্ন মুহূর্তের স্মৃতিকে নানানভাবে সাজিয়ে গ্রুপ করার কাজটি সহজ করে দেয় ফটো গ্রিড। এতে কোলাহ করার জন্য সহজেই ছবি যোগ করা যায়, সহজেই নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায় ছবি। আবার কোলাজ করার সময়ে চাইলে ছবিতে নানান ধরনের ইফেক্টও যোগ করা যায় এতে। অ্যামেচারদের জন্যও এটি সমানভাবে কার্যকরী।

ক্যামেরা ৩৬০

ইন্সট্যাগ্রামের সহজ-সরল ব্যবহার এবং একইসাথে ফটোশপের জটিল সব কাজের এক সমন্বয় বলা যায় ক্যামেরা ৩৬০কে। ফটো এডিটিং এই অ্যাপ্লিকেশনটি ছবির ব্রাইটনেস, কনট্রাস্ট, হোয়াইট ব্যালেন্স এবং এই ধরনের কাজগুলো করে দেবে সহজেই। আবার নানান ইফেক্ট যোগ করার সুযোগও রয়েছে এতে। আর কাজ করে সরাসরি শেয়ারও করা যায় সামাজিক যোগাযোগের সব সাইটে।

ফটোশপ টাচ

ছবি সম্পাদনায় বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহূত এবং সবচেয়ে বেশি কার্যকর বলে স্বীকৃত ফটোশপের রয়েছে বিশেষ অ্যানড্রয়েড সংস্করণ ফটোশপ টাচ। যেডস্কটপের ফটোশপ প্রোগ্রামের মতোই এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে ছবিতে করার মতো সব ধরনের কাজ করা যায়।