বরগুনার পাথরঘাটায় রুমা বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী মো. জামাল মৃধা ও শাশুড়ি আছিয়া বেগম।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রুমা উপজেলার কামারহাট গ্রামের মো. শাহেদ গাজীর মেয়ে।
রুমার বড় বোন সুরমা বেগম জানান, তিন বছর আগে ৯ নম্বর ওয়ার্ডের হাবিব মৃধার ছেলে জামালের সঙ্গে তার বিয়ে হয়। রিফাত নামে তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই জামাল ও তার মা রুমাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতো।
রবিবার সকালে রুমা ফোনে জানায় শাশুড়ি ও স্বামী তাকে মারধর করেছে। তাৎক্ষণিক জামালের বাড়িতে গিয়ে দেখা যায়, কিছু লোক রুমাকে কোলে করে ঘর থেকে বের করছে। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর শাশুড়ি ও স্বামী পালিয়ে যায়।
আরও পড়ুন: বাসের ভাড়া কয়েকগুণ বৃদ্ধি, অভিযোগ পায়নি বিআরটিএ
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক খালিদ মোহাম্মদ আরিফ বলেন, হাসপাতালে আসার আগেই রুমার মৃত্যু হয়েছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য রুমার লাশ বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি