বাসের ভাড়া কয়েকগুণ বৃদ্ধি, অভিযোগ পায়নি বিআরটিএ

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৯:১৫

গাইবান্ধায় ঈদের পর ঢাকা ফেরত যাত্রীদের চাপ থাকায় বাসের কাউন্টার গুলো ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গত ৬ আগস্ট থেকে এই বর্ধিত ভাড়ায় গাইবান্ধার কাউন্টার গুলো টিকিট বিক্রি করছে। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের নেই কোনো তৎপরতা। 

অপরদিকে ঢাকাগামী ট্রেন গুলোর টিকিট উধাও হয়ে গেছে। তবে অতিরিক্ত টাকা দিলেই তা মিলছে।  

জানা গেছে, গাইবান্ধা থেকে চেয়ারকোচ গুলোতে ঢাকা যেতে সাধারণত ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা। কিন্তু এখন সর্বনিম্ন ১৫০০ টাকার নিচে চেয়ারকোচ গুলোর টিকিট পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এসি বাসের ভাড়া ৮৫০ টাকা হলেও বর্তমানে নেওয়া হচ্ছে এক হাজার সাতশ ৫০ টাকা। 

এদিকে ঢাকাগামী লোকাল বাসের টিকিট তিন থেকে সাড়ে তিনশ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। গাইবান্ধা থেকে ঢাকাগামী রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেনের সুলভ শ্রেণির টিকিট ৪৫০ টাকা ও প্রথম শ্রেণির টিকিট ৮৫০ টাকায় বিক্রি হলেও একশ্রেণির দালাল সুলভ শ্রেণির টিকিট এক হাজার টাকা ও প্রথম শ্রেণির টিকিট বিক্রি করছে দেড় থেকে দুই হাজার টাকায়। 

গাইবান্ধার সাদুল্লাপুরের ঢাকাগামী যাত্রী এনামুল হক লিকসন জানান, অরিণ পরিবহনের এসি কোচ সার্ভিসের ৮৫০ টাকার টিকিট এক হাজার সাতশ ৫০ টাকায় নিয়েছি। 

ঢাকাগামী যাত্রী মাহমুদা বেগম জানান, চেয়ারকোচে আমরা পাঁচশ থেকে ৫৫০ টাকা ভাড়া দিয়ে গাইবান্ধা থেকে ঢাকা যাই। কিন্তু ঈদ উপলক্ষে সেই টিকিট আলহামরা পরিবহনের কাউন্টার থেকে এক হাজার ৫০ টাকায় কিনতে হলো।

রবিবার দুপুরে অরিণ পরিবহনের গাইবান্ধা কাউন্টারের ম্যানেজার পলাশ মিয়া জানান, এসি কোচ গুলোর টিকিট এক হাজার সাতশ পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু চেয়ারকোচ গুলোর টিকিট ৫৫০ টাকাই রয়েছে। তবে ঢাকাগামী কোনো বাসের টিকিট নাই।
 
আলহামরা পরিবহনের গাইবান্ধা কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ পলাশ জানান, আপাতত আগামী এক সপ্তাহে ঢাকাগামী কোনো টিকিট নেই। সব বিক্রি হয়ে গেছে। 

রবিবার গাইবান্ধার সাদুল্লাপুরের লোকাল বাস কাউন্টারের ম্যানেজার মোস্তা মিয়া বলেন, বাসের মালিক ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছু করার নাই। আমরা টিকিট বিক্রির টাকার কমিশন পাই মাত্র। 

আরও পড়ুন: যাদুকাটা নদীটি যাদের কাছে ‘যাদুরকাঠি’

গাইবান্ধা রেল স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, আগামী ২৭ আগস্ট পর্যন্ত ঢাকাগামী কোনো ট্রেনের টিকিট স্টেশনে নাই। 

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে গাইবান্ধা বিআরটিএ এর উপ-পরিচালক ময়নুল হোসেন বলেন, এনিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে। তিনি আরও বলেন, এসি বাসের ভাড়া এখন পর্যন্ত বিআরটিএ কর্তৃক নির্ধারণ করে নাই। তাই এক্ষেত্রে আমাদের কিছু করার নাই। 

ইত্তেফাক/অনি