‘গ্রামীণ প্রেক্ষাপটের গল্পগুলো একটা নির্দিষ্ট ফর্মেটে আটকে আছে’

সকাল আহমেদ। অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা তিনি। আগামীকাল থেকে বাংলাভিশনে প্রচারিত হবে তার শত পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘ভদ্রপাড়া’। গ্রামীণ প্রেক্ষাপটের এই নাটক রচনা করেছেন বৃন্দাবন দাস। এছাড়া এ ঈদে প্রচারিত হয়েছে তার বেশ কয়েকটি নাটক। তার কাজের প্রসঙ্গের পাশাপাশি বর্তমানে সময়ে নাটকের অনলাইন প্লাটফর্ম নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

বেশ ভালো।

 

ঈদের ব্যস্ততা কাটিয়ে সবাই আবার নতুন কাজ শুরু করেছেন। আপনার ঈদ পরবর্তী কাজগুলো নিয়ে জানতে চাই।

আমার একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হবে এই মাসের ২০ তারিখ থেকে বাংলাভিশনে। নাটকটির নাম ‘ভদ্রপাড়া’। বৃন্দাবন দাস রচনা করেছেন নাটকটি। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, লুত্ফর রহমান জর্জ, অর্ষা, প্রাণ রায়, সাজু খাদেম, নাদিয়া, আরফান আহমেদ, ওয়ালিউর রুমী প্রমুখ। এছাড়া অন্যান্য কাজও চলছে।

 

গ্রামীণ প্রেক্ষাপটের নাটকগুলোও এখন একটা ফর্মেটে আটকে গেছে। সেই জায়গা থেকে নাটকগুলোতে দর্শকদের জন্য কোনো ম্যাসেজ থাকে বলে মনে করেন কি?

গ্রামের নাটক মানেই এখন কমেডি ও কালারফুল পোশাক। অনেকটা জোর করে হাসানোর অবস্থা। গ্রামীণ প্রেক্ষাপটের গল্পগুলো একটা নির্দিষ্ট ফর্মেটে আটকে আছে। আমি চেষ্টা করেছি সেই ফর্মেট থেকে বের হয়ে দর্শকদের একটি মেসেজ দিতে। আমার নাটকটির নাম ‘ভদ্রপাড়া’। সেখানে দুজন চোর থাকে। দুজন চোরের গল্প বলার পাশাপাশি গ্রামের ভদ্র চোরদের নাটকটিতে দেখাব। যারা আমাদের সমাজের মুখোশ পরা চোর।

্বটিভি নাটকের পাশাপাশি এখন ইউটিউব ও অনলাইন স্ট্রিমিংয়ের জন্য নাটক নির্মিত হচ্ছে। এই প্র্যাকটিসটা আপনি কিভাবে দেখছেন?

যুগের সঙ্গে অনেককিছুই আমাদের সামনে আসবে। ডিজিটাল প্লাটফর্মগুলোকে বেশ ইতিবাচকভাবেই দেখি। কিন্তু সেটার সঠিক চর্চাটা থাকতে হবে। একসময় বলা হতো, টেলিভিশনে লোগো না থাকলে মনে হয় একই নাটক সব চ্যানেলে দেখছি। ইউটিউবের ক্ষেত্রেও এমনটা হচ্ছে। একই ফর্মেট, একই মুখ দেখা যায়। যেহেতু কাজের ভালো মাধ্যম এটি। তাই আমার মনে হয় কাজে আরো সৃজনশীলতা নিয়ে আসা দরকার।

 

এই প্লাটফর্মগুলোর জন্য টেলিভিশনের দর্শক কমছে কি?

এমনটা মনে করি না। কারণ যখন আপনি মোবাইলে নাটক দেখছেন, সেখানে আপনি একা। কিন্তু টেলিভিশ হচ্ছে ড্রইং রুম মিডিয়া। সবাই একসঙ্গে বসে একটি নাটক দেখার জনপ্রিয়তা কমেনি।

 

ঈদে আপনার বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। ভিন্নধর্মী কাজ কোনটিকে মনে হয়েছে?

‘অশরীরী’ শিরোনামে মাছরাঙায় একটি নাটক প্রচারিত হয়েছে। ভৌতিক গল্প এটি। দর্শক-সাড়া ভালো ছিল। আর এটি আমার কাছে ভিন্ন একটি কাজ মনে হয়েছে। এছাড়াও বাংলাভিশনে প্রচারিত ‘বিশ্ব টাউট’ নাটকটিও উল্লেখযোগ্য।