শহরের আল জয়নাল ট্রেড সেন্টারের মালিক জয়নাল আবেদীন কর্তৃক নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা এবং বিষয়টি সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। বুধবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের বাম পাশে মূল গেটের পাশে পাঁচ শতাংশ খালি জায়গা উদ্ধারের সময় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবৈধভাবে গড়ে ওঠা টিনের স্থাপনা গুঁড়িয়ে দেন।
কলেজের জায়গা দখলের অভিযোগ উঠেছে শিল্পপতি ও জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীনের মালিকানাধীন এ.জে ডেভেলপার এন্ড হাউজিং লিমিটেডের বিরুদ্ধে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর লোকজন নিয়ে মো. জয়নাল আবেদীনের নামে একটি সাইন বোর্ড স্থাপন করেন। তা দেখতে পেয়ে কলেজের ছাত্রীরা সাইনবোর্ডটি সরিয়ে ফেলে। এরই ধারাবাহিকতায় ওইদিনই নারায়ণগঞ্জের ৪র্থ সিনিয়র জেলা জজ আদালতে মো. জয়নাল আবেদীনসহ ৫ জন বাদী হয়ে সরকারি মহিলা কলেজ অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাদী জয়নাল আবেদীনের প্রেরিত অ্যাডভোকেট নুরুন নাহারসহ ২০/২৫ জন লোক কলেজের প্রধান গেটের অভ্যন্তরে উল্লেখিত ৫ শতাংশ খালি জায়গায় এ.জে ডেভেলপার এন্ড হাউজিং লিমিটেডের পক্ষে ২টি সাইনবোর্ড স্থাপন করে ও চারদিকে টিনের ঘেরাও দিয়ে জায়গাটি দখল করে নেয়। এভাবে তারা কলেজের ছাত্রীদের চলাচলের পথ রুদ্ধ করে দেন। অভিযোগে আরও বলা হয়, বিষয়টির সঙ্গে কলেজের অধ্যক্ষকে সংশ্লিষ্ট করে তার নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতংকের সৃষ্টি করা হয়েছে। এ অবস্থায় কলেজের শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। দখলকৃত ওই খালি জায়গা কলেজের নামে বন্দোবস্ত দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিতে আবেদন করা হয়।
অধ্যক্ষের প্রতি ডিসির ক্ষোভ প্রকাশ
এ দিকে, প্রাতিষ্ঠানিক সমস্যা সমাধানে মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌড়া বিনতে হাবিব নিজে না এসে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে দিয়ে স্মারকলিপি পেশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সমস্যাটা তো প্রাতিষ্ঠানিক, তোমরা কেন এসেছো? কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে, অথচ তিনি আমার সাথে যোগাযোগ না করে তোমাদের রাস্তায় নামিয়ে দিয়েছের। অধ্যক্ষের উচিত ছিল আমার সাথে আগে দেখা করে সমস্যা জানানো।