দেশের আট বিভাগে ‘এক দিনে এক লাখ’ গাছ রোপণ করবে ক্লেমন

দেশের প্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’ আয়োজন করতে যাচ্ছে ক্লেমন গ্রিন ওয়েব। কর্মসূচির আওতায় এক দিনে দেশের আট বিভাগে এক লাখ জিআই ফলের গাছ ও দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে। আয়োজকদের আশা, এ উদ্যোগ দেশের সবুজায়নে ভূমিকা রাখার পাশাপাশি আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষণেও অবদান রাখবে।

শুধু বৃক্ষরোপণ করলেই সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসংখ্য গাছ লাগানো হলেও পরবর্তী সময়ে যথাযথ পরিচর্যার অভাবে অনেক গাছই নষ্ট হয়ে যায়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে রোপণের পর গাছগুলোর নিয়মিত যত্ন ও বেড়ে ওঠা নিশ্চিত করতে ‘ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছে ক্লেমন।

কর্মসূচির আওতায় দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে ‘ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর’ হিসেবে নির্বাচিত করা হবে। তারা রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা করবে এবং গাছের বেড়ে ওঠার অগ্রগতি ক্লেমনকে জানাবে। শিক্ষার্থীদের এ দায়িত্ব পালনে উৎসাহিত করতে টানা দুই বছর দেওয়া হবে ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’।

এভাবেই শিক্ষার্থীদের হাতে একটি গাছের পরিচর্যার দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়ে গড়ে উঠবে আরও সবুজ বাংলাদেশ। একই সঙ্গে ক্লেমনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও নিজেদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রেরণা পাবে।