১৮ উইকেটের দিনে শরীফুলের বোলিংয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

ম্যাকাই টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। প্রথম ইনিংস ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় অজিরা। তবে শরীফুল ইসলামের তাণ্ডবে আশা বাঁচিয়ে রেখে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। 

বাংলাদেশের ৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৮, ট্রাভিস হেড ২২ ও মার্নাস লেবুশেন ৪ রান করে সাজঘরে ফিরে ফিরে যান। 

এরপর গ্রিনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন স্মিথ। ৭৭ রানের জুটি গড়েন তারা। এরপর শুরু হয় পেসার শরীফুল ইসলামের তাণ্ডব। মাত্র ৩০ রানের মধ্যে ৫ উইকেট হারায় অজিরা। 

স্মিথ ৪২, অ্যালেক্স ক্যারি ৫, মিচেল স্টার্ক ১ রান করে আউট হন। আর রানের খাতা খোলার আগেই ফিরে যান বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্স। 

একপ্রান্ত উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন গ্রিন। আর দিনের শেষ দিকে তাকে ভালো সঙ্গ দিয়েছেন নাথান লায়ন। 

শেষ পর্যন্ত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ১০১ রানের লিড পেয়েছে তারা। গ্রিন ৫১ ও লায়ন ১০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে ৩৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন শরীফুল।