প্রবাদে আছে—পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রমের মাধ্যমে অনেক অসাধ্যকে সাধন করা সম্ভব। শুধু পরিশ্রম করিলেই চলে না, কোনো কাজে সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়েরও দরকার। অধ্যবসায় হইল হতাশ না হইয়া কোনো কাজে লাগিয়া থাকা, অবিরাম চর্চা ও অনুশীলন করা। এই অধ্যবসায় ও পরিশ্রমের পাশাপাশি মেধা ও সৃজনশীলতার সমন্বয় সাধন করা হইলে দ্রুততম সময়ে সাফল্য লাভ করা সম্ভব। চট্টগ্রামের ফটিকছড়ির হালদা ভ্যালির তাক লাগানো উন্নয়ন ও সাফল্যের পিছনে এই কয়েকটি গুণের সমাবেশ ঘটিয়াছে অপূর্বভাবে। হালদা ভ্যালি হইল একটি ঐতিহ্যবাহী চা-বাগানের নাম। গত বত্সর চা বোর্ড কর্তৃক চা উত্পাদনে সেরা পুরস্কার পাইয়াছে এই বাগানটি। তাহার পর হইতে এই বাগানটি আলোচনার পাদপীঠে চলিয়া আসিয়াছে। ১৯০৫ হইতে ২০০২ সাল পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের হাতে বাগানটির ছয়বার মালিকানা পরিবর্তন হয়। একসময় বাগানটি পরিত্যক্ত হইয়া পড়ে। কিন্তু নূতন ব্যবস্থাপনার মাধ্যমে সেই পরিত্যক্ত ও প্রায় মৃত বাগানে কীভাবে প্রাণ সঞ্চার হইল এবং বাগানটি কীভাবে শ্রেষ্ঠত্বের মুকুট পড়িল তাহা একটি বিস্ময়কর ঘটনাই বটে। ইহা বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ার একটি সাইড স্টোরি বা পার্শ্বরচনা বলিলেও অত্যুক্তি হয় না।
আলোচ্য চা-বাগানটি অবস্থিত ফটিকছড়ির শেষ প্রান্তে নারায়ণহাট এলাকায়। এক যুগ আগেও এখানে ঝোপঝাড় বেশি ছিল। অতঃপর সেই ঝোপঝাড় পরিষ্কার করিয়া ১ হাজার ৫২ একর বাগানের ৯৩০ একর জমি চা চাষের আওতায় আনা হয়। এখানকার মাটি চা চাষের উপযোগী করিয়া উত্পাদন বাড়াইতে গ্রহণ করা হয় নিত্য নূতন কৌশল। আগাছা পরিষ্কার করিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় এক্সকাভেটর। পানির অভাবে রোপিত চা-চারাগাছ বাঁচাইতে হাসপাতালে ব্যবহূত স্যালাইনের প্যাকেটে পানি ভরিয়া প্রতিটি গাছের সঙ্গে যুক্ত করিয়া দেওয়া হয়। যেন কোনো রোগীকে স্যালাইন দিয়া বাঁচাইয়া তুলিবার আপ্রাণ চেষ্টা। যেহেতু এই পদ্ধতি সময়সাপেক্ষ, তাই একসময় থাইল্যান্ডের একটি ফলবাগানের সেচ ব্যবস্থার অনুসরণে এখানে গড়িয়া তোলা হয় স্থায়ী সেচব্যবস্থা । এখন পাম্পের সাহায্যে পুরা চা-বাগানে একসঙ্গে সেচ দেওয়া হয়। সেচ নলের মাথায় ঘূর্ণমান নজেল প্রায় ১২০ ফুট এলাকায় বৃষ্টির মতো অবিরত পানি বর্ষণ করিতে পারে। সেচের পাশাপাশি রাসায়নিক সারের পরিবর্তে এই বাগানে কেঁচো সারের ব্যবহার শুরু হয় এবং গ্রহণ করা হয় বত্সরে ৪০০ টন কেঁচো সার তৈরির প্রকল্প। ফলে ২০১৭ সালে দেশে হেক্টরপ্রতি গড় চা উত্পাদন যেখানে ছিল ১ হাজার ৪৭৭ কেজি, সেখানে হালদা ভ্যালিতে এই হার ছিল ৩ হাজার ৭১৭ কেজি। গত বত্সর এই হার ছিল হেক্টরপ্রতি ৩ হাজার ৮০১ কেজি এবং বাগানাটিতে মোট উত্পাদন ছিল প্রায় ৯ লক্ষ কেজি। এখানকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যে কোনো প্রাণী শিকার নিষিদ্ধ, যাহাও হইয়াছে ফলদায়ক।
হালদা ভ্যালি একটি আদর্শ চা-বাগান। ইহার কর্মপদ্ধতি অন্য বাগানগুলির জন্য অনুসরণীয়। এখানে রপ্তানিযোগ্য উন্নত মানের হোয়াইট টি ও গ্রিন টি উত্পাদিত হইতেছে, যাহা অত্যন্ত আশাব্যঞ্জক। পেডরেলো এনকে লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান এই সাফল্য লাভ করিয়াছে। আমরা আশা করি, তাহারা আমাদের চা-শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়নে পথপ্রদর্শকের ভূমিকা পালন করিবে।