এডিস মশার কামড়ে সারা দেশে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ হাজার, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৪০ হাজার আর মৃতের সংখ্যা প্রায় অর্ধশত। তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা শতাধিক। কয়েকদিন ঈদের ছুটি থাকায় ঢাকা শহরের অফিস-আদালত ও বাসা-বাড়ির জমে থাকা পানিতে ব্যাপকভাবে এডিস মশার বংশ বিস্তার হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এই আশঙ্কা মাথায় রেখেই এডিস মশা নিধনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রণে আনতে হলে, এডিস মশা ধ্বংস করার সঙ্গে সঙ্গে এর বংশ বিস্তার প্রতিরোধ করতে হবে। সময় নষ্ট করার সুযোগ নেই। এই মুহূর্ত থেকেই ঢাকাসহ প্রতিটি বিভাগীয়, জেলা ও উপজেলা শহরের পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে অবস্থিত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসা-বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালাতে হবে এবং অফিস বা পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে এডিসের লার্ভা ধ্বংস করতে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ করতে হবে এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের সচেতন ও সতর্ক করতে হবে যাতে কোথাও আবদ্ধ পানি না থাকে। একইসঙ্গে উড়ন্ত এডিস মশা মারতে সিটি করপোরেশন ও পৌরসভার পক্ষ থেকে বাসা-বাড়ির আশেপাশে ব্যাপকভাবে নিয়মিত মশা মারার কীটনাশক প্রয়োগ করতে হবে।
আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে প্রায় বিশ বছর আগে; কিন্তু এমন ভয়াবহ অবস্থা এর আগে আর কখনো দেখা যায়নি। এ কারণেই এই অবস্থা মোকাবেলায় আমাদের সকলেরই সচেতনতা ও পূর্বপ্রস্তুতির যথেষ্ট ঘাটতি ছিল। অথচ যে কোনো দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্বেই বাংলাদেশের সুনাম রয়েছে। কাজেই বর্তমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে। এডিসের লার্ভা ধ্বংস করা ছাড়া ডেঙ্গুজ্বরের বিস্তার প্রতিরোধ করা সম্ভব নয়। এডিসের বিস্তার রোধ করে ডেঙ্গুজ্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা খুব কঠিন কাজ নয়। প্রধান কাজটি হলো, দেশের মানুষকে এবং বিশেষ করে শহরে বসবাসকারীদের সচেতন করা যাতে কোথাও পানি জমতে না পারে এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বংশ বিস্তার করতে না পারে। আর প্রতিটি পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের পক্ষে এই কাজটি করাও কঠিন নয়। এর জন্য অতি দ্রুত সপ্তাহ বা মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। সংসদ সদস্য থেকে ওয়ার্ড কমিশনার অর্থাত্ সর্বস্তরের জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এডিস নিধনে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিপ্লব বিশ্বাস, গোয়ালচামট, ফরিদপুর