চা-নাস্তা শেষে সড়কে হাঁটছিলেন, ভীমরুলের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের রাউজানে ভীমরুলের ঝাঁকের আকস্মিক হামলায় নাজিম উদ্দীন (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মাহাবুল আলম নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটিয়াপাড়া এলাকার নোয়াপাড়া সেকশন-২ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দীন ওই এলাকার অছি মিয়া সওদাগর বাড়ির মৃত বজল আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নোয়াপাড়া সেকশন-২ সড়কের আবদুল মতিনের চায়ের দোকানে চা-নাস্তা শেষে নাজিম উদ্দীন ও মাহাবুল আলম সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ শত শত ভীমরুল তাঁদের ওপর হামলে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন। ভীমরুলের আক্রমণে আতঙ্কিত হয়ে সড়কে চলাচলকারী লোকজনও ছোটাছুটি শুরু করেন।

পরে গুরুতর আহত নাজিম উদ্দীনকে স্থানীয় জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুল আলমকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার বিকেলে তিনি বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী প্রবাসী ইকবাল হোসেন বলেন, সকালে সড়কে হাঁটার সময় তিনি দেখতে পান, শত শত ভীমরুল দুজনকে আক্রমণ করছে। এ সময় পথচারীরা আক্রমণ থেকে বাঁচতে ছোটাছুটি করতে থাকেন।

জে.কে মেমোরিয়াল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বপন কান্তি দাশ বলেন, ভীমরুলের কামড়ে আক্রান্ত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান বলেন, ভীমরুলের কামড়ে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্রুত প্রয়োজনীয় ইনজেকশন ও ওষুধ দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।