উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়া বাজার নাটোরে লবণযুক্ত কাঁচা চামড়া কেনা শুরু করেনি ট্যানারি মালিকরা। তবে বকেয়া টাকা না পেলে নাটোর থেকে চামড়া বিক্রি না করার ঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
কোরবানি ঈদের পর শনিবার থেকে ট্যানারি মালিকদের চামড়া কেনার কথা থাকলেও বিকেল পর্যন্ত তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেনি।
নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মুঞ্জুরুল আলম হিরু জানান, অল্প কয়েকটি ট্যানারি বাদে অধিকাংশ ট্যানারি নাটোরের ব্যবসায়ীদের টাকা বকেয়া রেখেছে। বকেয়া টাকা পরিশোধ না করলে নাটোরের চামড়া বাজার থেকে চামড়া বিক্রি হবে না। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে চামড়া বিক্রির সিদ্ধান্ত হবে।
নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম শরিফ জানান, আপাতত নাটোরের চামড়া বাজার থেকে চামড়া বিক্রি বন্ধ রেখেছেন তারা। প্রায় ২৫টি ট্যানারির কাছে নাটোরের ব্যবসায়ীরা প্রায় ৮০ কোটি টাকা পাবেন। বৈঠকে তিনি বাণিজ্যমন্ত্রীর কাছে নাটোরের ব্যবসায়ীদের টাকা প্রাপ্তির নিশ্চয়তা চাইবেন। পাশাপাশি ট্যানারি মালিকদের নগদ টাকায় চামড়া কিনতে হবে বলে জানান তিনি।
শরিফুল ইসলাম শরিফ আরো বলেন, ট্যানারি মালিকদের সিন্ডিকেট থেকে ব্যবসায়ীদের বাঁচাতে সরকারের কাঁচা চামড়া রপ্তানির দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় এই পরিস্থিতির অবসান হবে না।