জামিনে বের হয়ে আবারও গাড়ি চুরি অতঃপর হাতে গ্রেপ্তার যুবক

মানিকগঞ্জে মাদক মামলায় জামিনে বের হওয়ার এক মাসের মধ্যে আবারো প্রাইভেটকার চুরির অভিযোগে মো. রাসেল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী।

এর আগে, একই দিন দুপুর পৌনে ১টার দিকে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে চুরি হওয়া প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

পিবিআই জানায়, রাসেল দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফেরার পর মাদক ও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন। শনিবার রাতে উপজেলার পালড়া এলাকায় গাড়ির মালিক মহসীন মিয়া তার প্রাইভেটকারটি গ্যারেজে রাখেন। রোববার ভোরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তিনি গ্যারেজের দরজা ভাঙা এবং গাড়িটি সেখানে না থাকার বিষয়টি দেখতে পান। পরে তিনি বিষয়টি পিবিআইকে জানান।

অভিযোগ পাওয়ার পর পিবিআই অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান শনাক্ত করে ধামরাইয়ের জয়পাড়া কালীমন্দির এলাকা থেকে গাড়িসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গাড়ির মালিক মহসীন মিয়া বলেন, ভোরে একটি ট্রিপে যাওয়ার জন্য গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে দেখি গাড়িটি নেই। পরে পিবিআইকে জানালে তারা চোরসহ গাড়িটি উদ্ধার করে। পিবিআইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি চোরের উপযুক্ত শাস্তি দাবি করছি।

পিবিআই পরিদর্শক সুখেন্দু বসু বলেন, গাড়ি চুরির খবর পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়ি ও অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে এবং গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, গাড়ির চুরির খবর পেয়েই অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং চোর রাসেলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাসেল গাড়ি চুরির কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফেরার পর মাদক ও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিকবার কারাভোগ করেছেন। এক মাস আগেই তিনি একটি মাদক মামলায় জামিনে বের হন।

তিনি আরও বলেন, গাড়ি চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।