দেওয়ানগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ ইয়াবাসহ বারষ্ট মিয়া, মিন্টু মিয়া ও হাছেন আলী নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের জামালপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের দক্ষিণ চেংটিমারী এলাকায় রাজীবপুর থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনে মাদক ব্যবসায়ী হাছেন আলী ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ফরহাদ আলী দক্ষিণ চেংটিমারী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি করেন। গাড়িতে বসা হাছেন আলীর হেফাজত থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, দুপুরে পারামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ বারষ্ট মিয়া ও মিন্টু মিয়াকে আটক করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম সরকার জানান, আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে জামালপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।