সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাসেল হোসেন ওরফে সাজু সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে হস্তান্তর করে। গ্রেফতারকৃত সাজু সরদার গোবিন্দকাটি গ্রামের আলমগীর সরদারের ছেলে। এ ঘটনায় ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাতে ধর্ষক সাজুর বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।  ধর্ষিতার স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশী চাচাতো ভাই সাজু ঐ স্কুলছাত্রীকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে তার মাসহ স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. হাফিজুল্লাহ জানান, ধর্ষিতা শিশুটি এখন আশঙ্কামুক্ত।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, ইতিমধ্যে ধর্ষক রাসেল হোসেন ওরফে সাজু সরদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাজুর বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।