৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ বার ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করেছে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গত ৩১৫ দিনে ইসরায়েলি বাহিনী মোট ৪ হাজার ৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজার সরকারি সংবাদ মাধ্যম দপ্তর। এই লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ২৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ২৫৭ জন।

সোমবার (২৪ আগস্ট) সরকারি দপ্তরটি আরও জানায়, এই সময়ে ইসরায়েলি বাহিনী ১৮০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার বা আটক করেছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে ৮১৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে ৮ হাজারের বেশি লাশ চাপা পড়ে রয়েছে বলে তারা ধারণা প্রকাশ করেছে।

ত্রাণ সহায়তার বিষয়ে সরকারি মিডিয়া অফিস জানায়, চুক্তির শর্ত অনুযায়ী ১ লাখ ৮৯ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও প্রবেশ করেছে মাত্র ৬৬ হাজার ৬০৭টি, যা নির্ধারিত পরিমাণের মাত্র ৩৫ শতাংশ।

এ ছাড়া রাফাহ ক্রসিং দিয়ে ২৯ হাজার ৮০০ জনের যাতায়াত অনুমোদিত থাকলেও চলাচলের সুযোগ পেয়েছেন মাত্র ১১ হাজার ৭৫৯ জন, যা মোট প্রত্যাশিত যাতায়াতকারীদের ৩৯ শতাংশ।

সূত্র: আল জাজিরা