হালদা নদী দূষণের দায়ে বেসরকারি চিটাগাং এশিয়ান পেপার মিলে উত্পাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও তরল বর্জ্য পরিশোধনাগার চালু না করা পর্যন্ত উত্পাদন বন্ধ রাখতে নির্দেশনায় বলা হয়েছে। গতকাল রবিবার হালদা নদী দূষণের অভিযোগের উপর শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দিয়েছেন। শুনানির সময় কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, ঈদুল আজহার ছুটির সময় এশিয়ান পেপার মিলস থেকে বর্জ্য হালদা নদীতে ফেলা হয়। এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর গত ১৪ আগস্ট পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। এর আগেও প্রতিষ্ঠানটি কয়েকবার সতর্ক করা হয়েছে। পরে প্রতিষ্ঠানটি শুনানিতে উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়। শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী জরুরিভিত্তিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও ইটিপি চালু করার নির্দেশ দেওয়া হয়। এই পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কারখানায় উত্পাদন বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।