রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার পাঠানো এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত ও বন্ধুপ্রতিম প্রতিবেশী। বৈশ্বিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তন সত্ত্বেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট রয়েছে।

কূটনৈতিক সম্পর্কের ৫১ বছরের মাইলফলকের কথা তুলে ধরে শি জিনপিং জানান, দীর্ঘ এই পথচলায় উভয় দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতি বজায় রেখে চলেছে। দুই দেশ সবসময় একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমর্থন জুগিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে যৌথভাবে এগিয়েছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং ঐতিহ্যবাহী এই মৈত্রী আরও এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার পরিধি বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন যুগে দুই দেশের একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অংশীদারত্বমূলক এই সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে, যা দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে বাস্তব সুফল বয়ে আনবে।