পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিনানুমতিতে কাঁকড়া ধরার সময় মালামালসহ ছয়টি নৌকা জব্দ করেছেন সাতক্ষীরা সহকারী বন কর্মকর্তা (এসিএফ) জি এম রফিক আহম্মেদের নেতৃত্বে বনরক্ষীরা।
শনিবার সন্ধ্যায় সুন্দরবনে কেয়াখালী খাল থেকে নৌকা জব্দের সময় কোনো জেলেকে আটক করতে পারেননি বনরক্ষীরা।
সাতক্ষীরা সহকারী বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ জানান, সাম্প্রতিক সময় সরকার সুন্দরবনে সকল নদী খালে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ করেছে। কিন্তু কতিপয় অসাধু জেলে সংশ্লিষ্ট বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ অব্যাহত রেখেছে। সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ ছয়টি নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।