সুজানগরে সাধারণ জ্বর হলেও ডেঙ্গু পরীক্ষা

সুজানগরের জনমনে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। ফলে এ উপজেলার মানুষ সাধারণ জ্বরে আক্রান্ত হলেও ডেঙ্গু রোগ পরীক্ষা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ক্লিনিকে ভিড় করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ জানান, এ উপজেলায় ডেঙ্গু রোগের প্রকোপ নেই। গত এক মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার/পাঁচ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী চিকিত্সা নিতে আসলেও তারা সুজানগর থেকে নয়, ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে এ উপজেলায় সাধারণ জ্বরে আক্রান্ত রোগী ডেঙ্গু রোগ সন্দেহে পরীক্ষা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ক্লিনিকে ভিড় করছেন। প্রতিদিনই দুই/চার জন সাধারণ জ্বরে আক্রান্ত রোগী ডেঙ্গু রোগ পরীক্ষা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন।

মেডিক্যাল অফিসার ডাঃ সাদী হাস্নায়েন রোকী বলেন, গত ১০/১৫ দিনের ব্যবধানে অন্তত অর্ধশত জ্বরে আক্রান্ত রোগী ডেঙ্গু পরীক্ষা করাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তবে পরীক্ষা করে দেখা যায় তারা সবাই সাধারণ জ্বরে আক্রান্ত।

তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু রোগ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। কাজেই ভয়ের কিছু নেই।