রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের দুই সংরক্ষিত নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়ক থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)।

হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। অন্যদিকে সাজেদা বেগম একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।