আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে গতকাল। নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন ১১০ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ছাত্রদলের মনোনয়ন ফরমের দাম ছিল মাত্র ১০০ টাকা। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে সকাল থেকে ছিল উত্সবের আমেজ। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রাহীরা ছোটো ছোটো মিছিল নিয়ে এসে মনোনয়ন সংগ্রহ করেছেন। কেউ কেউ আবার মনোনয়ন ফরম সংগ্রহের আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতও করে আসেন।
পুনঃতফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হবে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে ১৯ ও ২০ আগস্ট পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট। ২২ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।
শেষদিনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কন, কেন্দ্রীয় কমিটির সাবেক বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, ইকবাল হোসেন শ্যামল, রিজভী আহমেদ ও রিয়াদ মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।