রংপুরে চার খুন

প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম হিন্দু মহাজোটের

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটির নেতারা।

মানববন্ধন শেষে সংগঠনটির নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তাদের অভিযোগ, রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে পুলিশ।

কর্মসূচিতে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের রাজনৈতিক নেতাকর্মী হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

এদিকে, রংপুরের হত্যাকাণ্ডের ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অল্প সময়ে এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না।

এর আগে, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই তরুণকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তারা। পরে আদালতে দেওয়া জবানবন্দিতেও হত্যার দায় স্বীকার করেন ওই দুই তরুণ।