কুমিল্লায় এক পরিবারের ছয় জনসহ নিহত আট

কুমিল্লায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের ছয় সদস্যসহ আট জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঐ পরিবারের একমাত্র জীবিত সদস্য রিফাতকে (১০) উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই আট জনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৪ ঘণ্টায় ১৮ জন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি, সদর দক্ষিণ, লাকসাম ও নাঙ্গলকোট সংবাদদাতা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাকসামগামী তিশা পরিবহানের একটি বাস লালমাই উপজেলার জামতলীতে পৌঁছার পর একটি মাইক্রোবাসকে বাঁচাতে গিয়ে লেন পরিবর্তন করে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হলেন— কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়াময়দান গ্রামের মৃত আবদুর জব্বারের ছেলে জসিম উদ্দিন (৪৫), জসিমের মা সাকিনা বেগম (৭০), স্ত্রী সেলিনা বেগম (৪০), ছেলে শিপন (২৩), ছেলে হূদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) ও হোটেল বয় একই গ্রামের হোসেন মিয়ার ছেলে সায়মন (১৫) এবং অটোরিকশার চালক একই উপজেলার করপাতি গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে জামাল হোসেন (৩৫)। জসিম উদ্দিনের ভাই মো. মহসিন জানান, ‘তার ভাই কুমিল্লা নগরীর গাংচরে ভাড়া বাসায় থাকতেন। গোয়াল পট্টিতে তার রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে। ঈদের ছুটি শেষে সবাই অটোরিকশা যোগে কুমিল্লা যাচ্ছিলেন।’ পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘বাস চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়াও অটোরিকশাটিতে অতিরিক্ত যাত্রী হিসেবে নারী ও শিশুসহ ওই পরিবারের সদস্যরা উঠেছিলেন।’ একই উপজেলায় আট জনের মৃত্যুর ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান,  বাবার কিনে দেওয়া মোটরসাইকেলে এক দিন পর নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড জেবি রোডে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহীম স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে। ওসি মো. আজিজুর রহমান মিয়া জানান, কলেজ ছাত্র অদক্ষ চালক ছিল। হেলমেট বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা গেছে।

স্টাফ রিপোর্টার, রংপুর ও পীরগঞ্জ সংবাদদাতা জানান, রংপুরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, নগরীর টার্মিনাল মোড়ে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহত ছয় জনের মধ্যে মোকছেদুল ইসলাম (৩৬) নামে এক অটোচালক নিহত হন। পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল পীরগঞ্জের ফিডার রোড থেকে মহাসড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাক। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল হানিফ (২৮) নামে এক যুবক মারা যান। তিনি উপজেলার শানেরহাটের আব্দুল কুদ্দুসের পুত্র। এছাড়া শনিবার রাত সাড়ে ১২টার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর হাইওয়ে পুলিশের টহল গাড়িতে পেছন দিক থেকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচরে যায়। এ সময় আমিসহ কনেস্টবল আব্দুর রহিম, হারুন অর রশিদ ও গোলাম মোস্তফা আহত হই।

ফুলপুর (ময়মনসিংহ)  সংবাদদাতা জানান, গতকাল ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রো রাস্তার পাশে আনু (১৬) নামে এক রিকশা চালকের ওপর উঠিয়ে দেয়। এতে তার মৃত্যু হয়। সে দিউ গ্রামের রিকশা চালক জামাল উদ্দিনের ছেলে। একই সড়কের হোসেনপুর মোড়ল বাড়ি এলাকায় সোনার বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে ফুলপুরগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সায়েম (১৫) নামে এক কিশোর মারা যায়। সে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পলাশিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। এ ছড়াও ফুলপুর হাসপাতালের সামনে অজ্ঞাতপরিচয় এক নারীকে একটি মাইক্রো চাপা দিয়ে মারাত্মকভাবে আহত করে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় মো. আলী হোসেন গাজী (৩৫) নামে বাসের এক চালক নিহত হয়েছেন। তিনি মহাসড়কে বাসটি মেরামত করছিলেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন খুলনা জেলার রুপসা থানাধীন তিলক গ্রামের মৃত আজিজ গাজীর ছেলে।

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, সোনাতলায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আগুনিয়াতাইড় গ্রামের ভিক্ষু মিয়ার স্ত্রী কোহিনুর বেগম (৪০) নিহত ও আট জন আহত হয়েছেন। গত শনিবার বিকালে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ-চরপাড়া সড়কের কিনামারা এলাকায় একটি বাছুরকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, গতকাল শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রহমত আলী নামের আরো এক যুবক।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, গত শনিবার রাতে নাতনির বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মো. আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি হাজীগঞ্জ উপজেলার মধ্যবড়কুল মসজিদ বাড়ির হাসিমের ছেলে।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদীতে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় লিমন মুন্সী  (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। লিমন উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ভুরঘাটা গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে।