ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঝালকাঠিতে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে ঝালকাঠি থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও নির্যাতনের শিকার ছাত্রীর পরিবার জানায়, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের তেরোয়ানা শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ কামাল হোসেনের বাসায় চার বছর ধরে গৃহকর্মীর কাজ করত একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ঐ ছাত্রী। গত ১৫ আগস্ট অধ্যক্ষের বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন অধ্যক্ষ। গত শনিবার ঐ ছাত্রী ঘটনাটি তার বাবা-মাকে জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঐ কিশোরীর বাবা অভিযোগ করেন, তাদের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। দারিদ্র্যের কারণে মাদ্রাসার অধ্যক্ষের বাসায় কাজ করে পড়ালেখা করত তার মেয়ে। কিন্তু  শিক্ষকের কাছেও ছাত্রীরা নিরাপদ নয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঐ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।