নান্দাইলে হাতকড়াসহ আসামি ছিনতাই নারীসহ আটক ৬

নান্দাইলে হাতকড়া পড়া অবস্থায় আলমগীর নামে অপহরণ মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। গত শনিবার রাতে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাত্তার ও আল কাইয়ুম, ওমর আলী, পারুল আক্তার নামে তিন কনস্টেবলসহ  চার জন আহত হয়। এ ঘটনায় নারীসহ ছয় জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—তানবির, সাইফুল, নুরুল ইসলাম, মঞ্জুরা বেগম, শর্মিলা বেগম, রেহেনা বেগম। মনজিলা বেগমের সাথে তার দুই মাসের শিশু সন্তান রয়েছে।

জানা যায়, ঝালুয়া গ্রামের দুলাল মিয়ার কন্যা রুপা আক্তারকে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে অপরণ করা হয়। তাত্ক্ষণিক দুলাল মিয়া মেয়েকে অপহরণের ঘটনায় নান্দাইল মডেল থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে নান্দাইল মডেল থানায় একটি অপরহণ মামলা হয়। ওসি (তদন্ত) আবুল হাসেম ও  এস আই আব্দুস সাত্তারের নেতৃত্বে আলমগীরকে আটক করলে তার সহযোগীরা এ ঘটনা ঘটায়।