শহীদ আবু সাঈদ স্ট্যান্ড নিয়ে বিসিবির বিবৃতি 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাঈদের নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা। বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রটে স্ট্যান্ডের নাম সরিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এক বিবৃতিতে শহীদ আবু সাঈদের নামফলক সরিয়ে ফেলার বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিসিবি। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি স্পষ্টভাবে জানাতে চায়, ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ কিংবা শের ই বাংলা জাতীয় স্টেডিয়াম ও দেশের অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্তই নেয়নি। উল্লেখ্য, বিসিবি আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব ম্যাচে স্ট্যান্ডগুলোর আনুষ্ঠানিক নাম স্পষ্টভাবে প্রদর্শন ও উল্লেখ করা হয়।’

চলতি বছর বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর তিনটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা হয়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রতিটি সিরিজেই শহীদ আবু সাঈদ স্ট্যান্ড'সহ সব স্ট্যান্ডের নাম প্রদর্শন করা হয়েছিল নিয়মিত। এমনকি টিকিট থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এই নাম প্রদর্শন করা হয়েছিল বলে দাবি করেছে বিসিবি।

এ প্রসঙ্গে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর এসবিএনসিএসে তিনটি আন্তর্জাতিক সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সব ম্যাচে 'শহীদ আবু সাঈদ স্ট্যান্ড'সহ সব স্ট্যান্ডের নাম মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি টেলিভিশন সম্প্রচারে অনুসরণ করা দর্শকদের কাছেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট (ছবি সংযুক্ত) ও সিরিজের প্রচারসামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ ছিল।’

এর আগে গত বুধবার (২৬ আগস্ট) সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক পোস্টে দাবি করেন, তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি আবু সাঈদের নামে করা গ্যালারির ব্যানার সরিয়ে দিয়েছে।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের সম্মানে মিরপুর স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করেছিলাম আমরা। নতুন সরকারের অবৈধ বিসিবি প্রেসিডেন্ট সেটা অপসারণ করেছে। ধন্যবাদ নতুন সরকার, ন্যাপোকিডগণ এবং নতুন সভাপতিকে।’