সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধাসহ নিহত ২

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা (৬০) ও উত্তর বাড্ডায় শহিরুল (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোহাগ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শনিবার রাতে কামারপাড়া এলাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে একতা পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই বৃদ্ধা (৬০) আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গতকাল রবিবার সকালে উত্তর বাড্ডা ওভার ব্রিজের নিচে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হন শহিরুল। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। শহিরুলের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-পরিচয় জানা গেছে। শহিরুল একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারিকুমারপাড়া গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে। রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় থাকতেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।