ব্যারিস্টার মওদুদরা এ দেশের ‘ইভিল জিনিয়াস’ —কৃষিমন্ত্রী

আইনমন্ত্রী থাকার পরও ব্যারিস্টার মওদুদ বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ব্যারিস্টার মওদুদরা হলেন এদেশের ‘ইভিল জিনিয়াস’। এই শয়তানদের জন্য দেশটা পিছিয়ে গেছে।’ গতকাল রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, যে আদর্শের ভিত্তিতে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিল, তা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যেত। কিন্তু ১৯৭৫ সাল থেকে ?সুপরিকল্পিতভাবে স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা ’৭৫-এর খুনি ও ’৭১-এর পরাজিত শক্তির স্বার্থ বাস্তবায়ন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত।

এবার বন্যায় ক্ষয়ক্ষতি প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, জমিতে মূল ফসল না থাকায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। বীজতলার যে কিছুটা ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে মাঠপর্যায়ে বীজতলা তৈরির জন্য বীজ, সার দিয়ে সহযোগিতা করা হয়েছে। এ সময় কৃষিমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের কাজের পরিস্থিতি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিন দিনের মধ্যে কৃষি সচিবের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।