সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেটি হচ্ছে না। আগামী বছরের জানুয়ারিতে ভারত বাংলাদেশ সফর করতে পারে। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিসিআইয়ের সেই সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’
ভারতের বাংলাদেশ সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছর জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, বাংলাদেশ সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। তবে এই সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘(ভারত সিরিজ নিয়ে) আলোচনা হচ্ছে। দুইটা বোর্ড আলোচনা করছে। তারিখ এদিক সেদিক হতে পারে।’
২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার আসার পর দুই দেশের বরফ গলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছিল।