কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের ভেতরে প্রবেশের প্রধান সড়কটির বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থা। এলজিইডির অধীন এ সড়কটিতে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ উপজেলার প্রায় সব সরকারি অফিস কাপাসিয়া উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত। প্রতিদিন নানা প্রয়োজনে সরকারি সেবা গ্রহণের জন্য উপজেলার ১১টি ইউনিয়ন থেকে শত শত লোক আসেন উপজেলা পরিষদে। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উপজেলা পরিষদের অভ্যন্তরে সরকারি কোয়ার্টারে বসবাস করেন। সেবা নিতে আসা এবং সেবাদানকারী উভয় তরফের লোকজন এ সড়কটি প্রতিদিন ব্যবহার করেন। এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন স্থানীয় সংসদ সদস্য, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ। যে কোনো সরকারি সেবা গ্রহণ করতে উপজেলায় আসার আর কোনো বিকল্প সড়ক নেই। এত গুরুত্বপূর্ণ এ সড়কটিতে চলতি বর্ষার শুরু থেকে অদ্যাবধি পানি জমে আছে। এতে সড়কের কার্পেটিং উঠে গিয়ে এতে বড়ো বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে অনেকে রিকশায় চলাচল করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন। এলাকাবাসী সড়কটি অবিলম্বে সংস্কারের দাবি করেছে এবং সেই সঙ্গে একটি ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী শফিকুর রহমান বলেন, সড়কটি উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একটি ড্রেন করে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমরা খুব শিগগিরই করে দেব —ইত্তেফাক