দেড় সহস্রাধিক যাত্রী ফেরত পেল বাড়তি ভাড়ার টাকা

পাটুরিয়া ও আরিচা লঞ্চঘাট এলাকায় এখন রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষের প্রচণ্ড চাপ। রাজধানীগামী এসব মানুষকে জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছিল অসাধু কিছু বাস কোম্পানি। কিন্তু জেলা প্রশাসনের নজর এড়াতে পারেনি তারা। প্রশাসনের হস্তক্ষেপে গত কয়েক দিনে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেড় সহস্রাধিক যাত্রীর কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দিয়েছেন বাসচালকেরা। সঙ্গে গুনতে হয়েছে জরিমানাও। শনিবার  সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে রাজধানীমুখী বাসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাড়তি ভাড়া নেওয়ার দায়ে বাসচালকদের জরিমানা করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ জানান, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। বাড়তি ভাড়া আদায় এবং পণ্যবাহী ট্রাকে যাত্রী নেওয়ার অপরাধে পাঁচ চালককে অর্থদণ্ড দেন তিনি। এছাড়া পৃথক অভিযানে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন রাজধানীমুখী বিভিন্ন বাসকে ১৩ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, ৫০০ জন যাত্রীর কাছ থেকে ৩২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া নেন বাসের চালকেরা। সেই টাকা আদায় করে যাত্রীদের বুঝিয়ে দেন তিনি। এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন বাসকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। ৩৫০ জন যাত্রীর কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত নেন বাসের চালকেরা। সেই টাকাও আদায় করে যাত্রীদের বুঝিয়ে দেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এবং এস এম আবু দারদা। রবিবার যাত্রীদের হয়রানি ও লাঞ্ছিত করার দায়ে পদ্মা লাইন পরিবহনের একটি বাসের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। কারাদণ্ডপ্রাপ্ত বাসমালিক ফরিদ আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি বন্ধে গত তিন দিন ধরে নিয়মিত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় তার নেতৃত্বে গতকাল রবিবার সকালে মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নীলাচল, হিমাচল, সেল্ফি, শুভযাত্রাসহ আটটি বাসকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৫টি বাসের প্রায় ৭০০ যাত্রীর কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়ার ৩৭ হাজার ৫০০ টাকা তাদের ফেরত দেওয়া হয়।  মহাসড়কে যাত্রী হয়রানি প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানান জেলা প্রশাসক এস এম ফেরদৌস।