রাজধানীর মিরপুর থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ ফয়েজ উদ্দিন নামে এক কিশোরকে আটক করেছে। গত শনিবার রাতে ঢাকার মিরপুর-১ নম্বর রোডের মধ্যপাইকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার দুপুরে বগুড়ার ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী প্রেস বিফ্রিং করে এ তথ্য জানান।

বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট গনকীরপাড়া এলাকার নিপা বেগম তার স্বামী ফারুক মিয়া দম্পতি, কক্সবাজার জেলা সদরের ওমর ফারুক এবং সায়েমকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার সদর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। পরে আসামিদের আদালতে পাঠালে ফারুক মিয়াকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে তার ঢাকার ভাড়া বাসায় বিপুল পরিমাণ ইয়াবা মজুতের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যর ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশের একটি দল ফারুক দম্পতির ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে একটি রুমে কালো রঙের স্কুলব্যাগ থেকে আটটি প্যাকেটে মোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। সেই সময় ঐ বাড়ি থেকে তাদের সহযোগী ফয়েজকে গ্রেফতার করা হয়। ফয়েজকে ঐ মাদকের মামলায় অন্তর্ভুক্ত করা হবে।