নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল অংশ নেওয়ার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকা থেকে তাদের আটক করা হয়।

এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মো আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই এলাকায় মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামপুলিশ পূর্বধলা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ১১ জনকে আটক করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আটপাড়া উপজেলার মারুফ হোসেন মুন্না (২০), সিয়াম আহমেদ (১৮), শিপন মিয়া (১৮) ও ইবনে শফি সামি দ্বীপ (১৮)। পূর্বধলা উপজেলার জাহিদুল হাসান ফয়সাল (২৫), মো. নাঈম ইসলাম (২৮), লোকমান আহম্মেদ (২৬), ফজলে এলাহী ময়না (২৯), মাহফুজ আকম শরীফ (২৬), শাওন শেখ (১৬) ও ইমরান (১৫)।

এ ছাড়া, ঘটনার খবর পেয়ে পৃথক অভিযান চালায় নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটপাড়া উপজেলার সুখারি এলাকার আরিফ জাহান বিজয় (১৯) ও শ্রীরামপাশা এলাকার রুদ্র মিয়াকে (১৯) গ্রেফতার করে। পরে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পুলিশ ও ডিবির পৃথক অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ওসি মো আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।