প্রবাসীকে মাদক মামলার আসামি

ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে গাজীপুরের এসপিকে হাইকোর্টের নির্দেশ

নরওয়ে প্রবাসী ড. মো. নুরুল ইসলাম শেখকে ইয়াবা মামলার আসামি করার ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে গাজীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। একইসঙ্গে নুরুল ইসলামকে চার সপ্তাহের জামিন দিয়েছে আদালত। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল ও জামিন আবেদনকারীর পক্ষে মো. আব্দুল কুদ্দুস বাদল শুনানি করেন।

আইনজীবীরা জানান, নুরুল ইসলাম শেখ ব্রিটিশ কাউন্সিল থেকে বৃত্তি নিয়ে ইংল্যান্ডে যান। সেখানে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জনের পর নরওয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন। সেখানে থাকাবস্থায় সম্প্রতি নিজ এলাকা রাজেন্দ্রপুরে ‘নরওয়ে-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। একারণে তিনি নরওয়ে-বাংলাদেশে আসা-যাওয়া করেন।