১৫ দিনের পর্যটন ভিসায় জাপানে গিয়ে ২৬ বছর ধরে অবৈধ অবস্থান

জাপানে মাত্র ১৫ দিনের পর্যটন ভিসায় প্রবেশ করে ২৬ বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগে ৭২ বছর বয়সী এক দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

শিজুওকা প্রিফেকচারের পুলিশ সূত্রে জানা যায়, গত জুন মাসে পাওয়া একটি গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ তদন্তের পর বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দক্ষিণ কোরীয় নাগরিক ১৯৯৩ সালের সেপ্টেম্বরে তার ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে ১৫ দিনের পর্যটন ভিসায় জাপানে প্রবেশ করেছিলেন। মূলত নিজ দেশের তুলনায় জাপানে তুলনামূলক বেশি বেতনের চাকরি পাওয়ার আশাজাগানিয়া লোভে তিনি দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকে তিনি শিজুওকা প্রিফেকচারের ইয়াইযু শহরে গোপনে বসবাস করে আসছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দৈনিক মজুরির কাজ করে জীবন নির্বাহ করতেন। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে সব অভিযোগ স্বীকার করেছেন।

আইনি জটিলতার বিষয়ে জানা যায়, ১৯৯৩ সালে তিনি প্রবেশ করলেও ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাপানে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা সরাসরি কোনো শাস্তিযোগ্য অপরাধ ছিল না। তবে ২০০০ সালে সংশোধিত অভিবাসন আইন কার্যকর হওয়ার পর থেকে তার এই দীর্ঘ অবস্থান আনুষ্ঠানিক অপরাধের আওতায় পড়ে।

জাপানে ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীর পরিসংখ্যান:

জাপানের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৪৮৮ জনে। ১৯৯৩ সালে এই সংখ্যাটি রেকর্ড ২ লাখ ৯৮ হাজার ৬৪৬ জনে পৌঁছেছিল। কঠোর অভিবাসন আইনের দেশটিতে দীর্ঘ ২৬ বছর ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে ওই বৃদ্ধ বসবাস করছিলেন, তা নিয়ে বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থারা আরও খতিয়ে দেখছে।