কোরবানির পশুর চামড়ার মূল্যপতনের কারণ বের করতে বিচারিক তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার আবেদনটি শুনানির জন্য পেশ করা হলে হাইকোর্টের দুটি বেঞ্চ তা গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। আজ সোমবার হাইকোর্টের অপর একটি বেঞ্চে শুনানির জন্য রিট আবেদনটি পেশ করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ)।
কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। ন্যায্যমূল্য না পেয়ে অনেকে প্রতিবাদস্বরূপ সড়কে চামড়া ফেলে দেন। তারা দাবি করেন, ট্যানারি ব্যবসায়ীদের কারণেই চামড়ার ন্যায্যমূল্য পাওয়া যায়নি। এমনকি সরকার চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেন। এ নিয়ে গত কয়েকদিন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, গ্রামাঞ্চল থেকে ৩০০ টাকায় কেনা চামড়া আড়তদাররা ৫০ টাকাও দিতে চাননি। এই চিত্র ছিল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দাম না পেয়ে সড়কে লাখ লাখ চামড়া ফেলে দেন চট্টগ্রাম, সিলেট, দিনাজপুরসহ অন্য এলাকার ব্যবসায়ীরা। এমনকি মাটিতে চামড়া পুঁতে ফেলার ঘটনা ঘটে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গতকাল হাইকোর্টে এ রিট করা হয়। রিটে বাণিজ্য সচিব, শিল্প সচিব, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ হাইড এন্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতিকে রিটে বিবাদী করা হয়েছে।