৫১ বছর বয়সে ৫ উইকেট শিকার করে গড়লেন বিশ্ব রেকর্ড

৪৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোয়ান হিকসের। এর ৪ বছর পর ৫ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়লেন এই নারী ক্রিকেটার। পুরুষ-নারী উভয় ক্রিকেটে তারচেয়ে বেশি বয়সে কেউ ফাইফার পায়নি। ৫১ বছর ১৭৩ দিন বয়সে এই কীর্তি গড়েছেন জোয়ান হিকস। 

রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে গ্রিস নারী দলকে হারিয়েছে জোয়ানার দল আইল অব ম্যান। টি-টোয়েন্টি ম্যাচটিতে মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন জোয়ানা হিকস। 

তার বোলিং নৈপূণ্যে ১৫ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় গ্রিস নারী দল। এই লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৯ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় আইল অব ম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে জোয়ানা হিকসই প্রথম কোনো বোলার, যিনি বয়স ৫০ পেরোনোর পর ৫ উইকেট শিকার করলেন। এর মধ্য দিয়ে ৯৬ বছর আগের একটি রেকর্ড ভেঙে দিলেন এই স্পিনার। ওই সময় ৪৯ বছর ৩১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গার সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন ফাইফার।

১৯৩২ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাঁ-হাতি স্পিনার আইরনমঙ্গার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন। অবশ্য একই টেস্ট ম্যাচে তিনি দু’বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন, একবার ৬ রানে ৫ উইকেট এবং আরেকবার ১৮ রানে ৬ উইকেট। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ১৫৩ রানের জবাবে প্রোটিয়ারা যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে অল-আউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল।

সবমিলিয়ে ১৪ টেস্ট খেলার পর ১৯৩৩ সালে ৫০ বছর ৩২৭ দিন বয়সে আইরনমঙ্গার সর্বকালের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারের ইতি টানেন। সব মিলিয়ে তিনি মোট চারবার ফাইফার পেয়েছেন। 

এদিকে, ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে জোয়ানা হিকস গ্রিস ও মাল্টার বিপক্ষে দু’বার পাঁচ উইকেট শিকার করেন। এর মাধ্যমে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে পাঁচ উইকেট নেওয়া বয়োজ্যেষ্ঠ নারী ক্রিকেটারের রেকর্ডটি তিনি নিজের দখলে নেন। এবার ছাড়িয়ে গেলেন সবাইকে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস