দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার কার্যক্রমের ওপর দেওয়া হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে মামলাটি বাতিলের প্রশ্নে জারিকৃত রুল ১৮ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদেশে রুল নিষ্পত্তির জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে দায়িত্ব দিয়েছে আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারী পক্ষে এ এফ হাসান আরিফ শুনানি করেন।
গত ১৪ মার্চ এক রিট আবেদনে শহিদুল আলমের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে মামলাটিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, মামলার তদন্ত কর্মকর্তাসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়।
গত বছরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আল জাজিরা টিভির পাশাপাশি ফেসবুক লাইভে এসেও বক্তব্য রাখেন শহিদুল আলম। ঐ বক্তব্য ছিল সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা—এমন অভিযোগ এনে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঐ মামলায় গত ৫ আগস্ট তিনি গ্রেফতার হন। প্রায় সাড়ে তিন মাস জেল খেটে গত বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান।