জেন্ডার সমতা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা সাংবাদিক ও সৃজনশীল পেশাজীবীদের কাজের স্বীকৃতি দিতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর আবেদন আহ্বান করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে নিজ নিজ কাজ জমা দেওয়ার সুযোগ পাবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত কাজগুলো এই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। মোট আটটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে রয়েছে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সংবাদপত্র প্রতিবেদন, টেলিভিশন প্রতিবেদন, অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিনোদন প্রতিবেদন, বিনোদনমূলক কনটেন্ট (নাটক) এবং বিজ্ঞাপন (টিভিসি, ওভিসি ও সামাজিক যোগাযোগমাধ্যম বিজ্ঞাপন)।
গণমাধ্যম ও সৃজনশীল মাধ্যমে নারী, পুরুষ, তরুণ সমাজ, প্রতিবন্ধী ব্যক্তি ও আদিবাসীসহ সব জনগোষ্ঠীর জীবন, অধিকার ও অভিজ্ঞতাকে মর্যাদাপূর্ণ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলকভাবে উপস্থাপনের চর্চাকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের ধারাবাহিকতায় আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে দায়িত্বশীল ভাষা ও মানবিক উপস্থাপনায় অবদান রাখা পেশাজীবীদের জাতীয়ভাবে সম্মানিত করা হবে।
সাংবাদিক, গণমাধ্যমকর্মী, কনটেন্ট নির্মাতা ও বিজ্ঞাপনী পেশাজীবীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত যোগ্যতা, নিয়মাবলি ও নির্দেশিকা পাওয়া যাবে অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (https://shomotaytarunno.com)। এ ছাড়া যেকোনো প্রয়োজনে সমতায় তারুণ্য প্রকল্পের মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মোঃ তাফহীমের সঙ্গে ই-মেইল (syed.tafhim@plan-international.org) অথবা মোবাইল ফোনে (০১৮৫০০১৮২৩৫) যোগাযোগ করা যাবে।