গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলায় ভেস্তে যায় মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ আয়োজন। মাঠে কর্মকর্তা ও অতিথিদের ভিড়ে মেসিকে ঠিকমতো দেখতে পারেননি দর্শকেরা। মাত্র ২০ মিনিটের মতো স্টেডিয়ামে থাকার পরই মেসিকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়।
মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালান। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সেদিন থেকেই টিকিটের টাকা ফেরত চেয়ে আসছিলেন দর্শকরা। মেসিকে দেখতে না পাওয়া ৩৩ হাজার দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার (২৯ আগস্ট) ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘মেসির বিপুল ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারবো।’
এ ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়েছিল। বরখাস্ত করা হয় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে। সেই সময় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। টানা ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
কারাগার থেকে বেরিয়েই তৎকালীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন শতদ্রু। তার অভিযোগ, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নন, তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন।