প্রকাশ্যে কুপিয়ে যুবককে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা, পরে মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড় গ্রামের ভাঙারগোড়া ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত জাহেদুল ইসলাম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর গ্রামের নুরুল ইসলাম প্রকাশ সর্বহারা নুরুর ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মোহাম্মদ ওয়াহিদ (২৮) নামের অপরজন আহত হয়েছেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে জাহেদ ও তার বন্ধু মোহাম্মদ ওয়াহিদ বাজালিয়া থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে সড়কে ব্যারিকেড দিয়ে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জাহেদকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে স্থানীয়রা জাহেদকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হারুনর রশীদ বলেন, ঘটনার শুরুতে আমি মনে করেছিলাম দুর্ঘটনা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি জাহেদ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। অপর পাশে তার মোটরসাইকেলটিও পড়ে ছিল। তার মাথার আঘাতের চিহ্ন দেখে কেউ তার কাছেই যাচ্ছিলেন না। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করে একটি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়েছিলাম।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজন ও আহত ভিকটিমের সঙ্গে কথা বলেছি। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।