মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত আদেশ বহাল

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলে তাকে আপিলের সুযোগ দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট মির্জা আব্বাসের মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের জন্য ইসি ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলো। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ইসি। ওই আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ উপরোক্ত আদেশ দেয়। আব্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

এদিকে কিশোরগঞ্জ-১ ও ২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম এবং এম শফিউর রহমান খান বাচ্চু ও ঢাকা-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদাকাত খানের মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই সম্পন্ন করতে ইসি ও রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পৃথক রিটের শুনানি নিয়ে গতকাল এ আদেশ দেওয়া হয়। আদালতে গণ ফোরামের দুই প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।