জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নতুন পে-স্কেলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা এখন বলতে পারছি না। এ সম্বন্ধে পরবর্তী সিদ্ধান্ত আসবে।’
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে, ইনশা আল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।’
এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে নতুন বেতনস্কেলের আওতায় আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে।
তবে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এতে অন্তর্ভুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন পে-স্কেলে তারা অন্তর্ভুক্ত হবেন কি না, সে বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হচ্ছে।
এর আগে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। তবে ধাপে ধাপে এর বাস্তবায়ন ধরা হবে ১ জুলাই ২০২৬ থেকে। এর মধ্যে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে মূল বেতন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।